রান্নার গ্যাসের নিয়মে বড়সড় বদল! কী পদক্ষেপ নিল কেন্দ্রের সরকার?



নয়াদিল্লি: মধ্যবিত্তের হেঁশেলে স্বস্তি দিয়ে রান্নার গ্যাসের নিয়মে বড়সড় রদবদল করল কেন্দ্র সরকার। লিকুইড পেট্রোলিয়াম গ্যাস সংশোধনী আইনের মাধ্যমে গ্রাহকদের জন্য সরবরাহ ব্যবস্থা আরও সহজ করা হলো। নতুন নিয়ম অনুযায়ী, বাড়িতে পাইপলাইনের গ্যাস বা পিএনজি (PNG) কানেকশন নিলেই আর চিরতরে এলপিজি (LPG) সিলিন্ডার সারেন্ডার করতে বাধ্য করা হবে না।


এখন থেকে গ্রাহকদের সামনে দুটি বিকল্প খোলা থাকবে। এক, পিএনজি নেওয়ার ৩০ দিনের মধ্যে চাইলে এলপিজি কানেকশন বিচ্ছিন্ন করা যাবে। দুই, ভবিষ্যতে এলপিজি কানেকশন ফের চালু করার জন্য একটি বিশেষ 'ট্রান্সফার ভাউচার' সংগ্রহ করে রাখা যাবে।


কেন্দ্রের দাবি, এই ট্রান্সফার ভাউচারটি বদলির চাকরি করা মানুষ, পরিযায়ী পরিবার, ভাড়াটে এবং পড়ুয়াদের জন্য দারুণ উপকারী হবে। ঘন ঘন শহর বদলানোর পর এমন কোনও এলাকায় যদি যেতে হয় যেখানে পিএনজি লাইন নেই, তবে এই ভাউচার দেখিয়েই সহজে পুরনো এলপিজি কানেকশন ফের সচল করা যাবে। এর ফলে বারবার নতুন করে গ্যাস কানেকশন নেওয়ার ঝক্কি কমবে।


উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংকটের জেরে বর্তমানে এলপিজি সিলিন্ডার বুকিংয়ের পর গ্রাহকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। এই ধকল কমাতেই আমজনতাকে পিএনজি ব্যবহারের পরামর্শ দিচ্ছে সরকার। নতুন নিয়মে আবেদনের মাত্র সাত দিনের মধ্যে পিএনজি কানেকশন দেওয়ার নির্দেশও জারি করা হয়েছে। কেন্দ্রের এই নতুন পদক্ষেপে দুই গ্যাস পরিষেবার মধ্যে সমন্বয় যেমন বাড়বে, তেমনই বাড়তি সুবিধা পাবেন উপভোক্তারা।